ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই স্বাধীনতার পর ৪৭ বছরের ইতিহাসে অভিনব ভোট ডাকাতির এই নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি অনতিবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে পূণরায় নির্বাচনের দাবি করেন। পীর সাহেব বলেন, প্রহসনের নির্বাচনী ফলাফল বাতিল করে অবিলম্বে দল নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন জনগণের নিরাপদ ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে জাতীয় ঐক্য গড়ে তীব্র আন্দোলনের সূচনা করবে। আজ মঙ্গলবার বেলা ১২ টায় দলীয় কার্যলয়ে নির্বাচন উত্তর সংবাদ সম্মেলনে পীর সাহেব এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে পীর সাহেব বলেন, নির্বাচনটি ছিল শতভাগ নিয়ন্ত্রিত। নজির বিহীন কারচুপি, জালভোটের ছড়াছড়ি ও ভোট ডাকাতির কলঙ্কিত মহোৎসবের একটি মহড়া। এরূপ পরিকল্পিত পাতানো নির্বাচন দিয়ে রাষ্ট্র, জনগণ ও প্রার্থীদের এত বিপুল পরিমাণ অর্থ, সময় ও শ্রম ব্যয় করানোর প্রয়োজন ছিল না। নির্বাচন কমিশন, প্রশাসনের সকল বিভাগ সারাদেশের ৪০ হাজারের বেশি কেন্দ্রে নৌকা ও মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য একযোগে কাজ করেছে। মু...